দেবরীনা মণ্ডল সাহা :-২৬-এর বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের রাজনীতির অন্যতম ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সেই বহুচর্চিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’| শুক্রবার ডেবরায় নির্বাচনী জনসভা থেকে শাহ সাফ জানিয়ে দিলেন, এই প্রকল্প বাস্তবায়িত না হওয়ার জন্য দায়ী একমাত্র তৃণমূলের অপশাসন। এমনকী রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাত্র এক বছরের মধ্যে এই কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত অসহযোগিতা করেছে। ২০১৪ সালে এই প্রকল্পের জন্য আর্থিক সাহায্যের প্রস্তাব পাঠানো হলেও দিল্লি তাতে কর্ণপাত করেনি বলেই দাবি তাঁর। সম্প্রতি সিঙ্গুর থেকে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের নিজের তহবিল থেকেই এই কাজ সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ২০২৭ সালের মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।তবে শুক্রবার ডেবরার সভায় অমিত শাহ সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেন, “নরেন্দ্র মোদীজি এই প্রকল্পের জন্য দেড় হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন। ৬০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার দিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানকে আক্ষরিক অর্থে জঞ্জালে পরিণত করেছে।” এরপরই ভিড়ে ঠাসা ময়দান থেকে তাঁর আশ্বাস, “আপনারা রাজ্যে বিজেপির সরকার আনুন, আমি কথা দিচ্ছি মাত্র এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে এই অঞ্চলের নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করে দেব।
Hindustan TV Bangla Bengali News Portal