Breaking News

ডিউটির মাঝেই মৃত্যুর ছায়া—ফলতায় আইটিবিপি জওয়ানের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা :- ফলতায় ভোটের ডিউটিতে এসে মর্মান্তিক পরিণতি—অস্বাভাবিক মৃত্যু আইটিবিপি জওয়ানের, শোকের ছায়া সহকর্মী মহলে, চাঞ্চল্য এলাকায়।মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। আচমকা এক জওয়ানের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন, শুরু হয়েছে বিস্তারিত পুলিশি তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কনক। তিনি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর একজন কর্মরত জওয়ান ছিলেন এবং চলতি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ফলতায় এসেছিলেন। অন্যান্য জওয়ানদের সঙ্গে তিনি ফলতা থানার দোস্তিপুর উচ্চ বিদ্যালয়ের দোতলায় অস্থায়ী ক্যাম্পে থাকছিলেন।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাথরুমে যাওয়ার সময় আচমকাই সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান কনক। মাথায় গুরুতর আঘাত লাগে। জোরে পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন সহকর্মী জওয়ানরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মাথায় গুরুতর চোট লাগার ফলে অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারী দল এবং উপস্থিত জওয়ানদের বয়ানও নেওয়া হচ্ছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে ফলতা থানার পুলিশ। নির্বাচনের ডিউটির মাঝেই এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী মহলে নেমে এসেছে শোকের ছায়া, আর পুরো ঘটনার সঠিক কারণ জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে সকলেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *