দেবরীনা মণ্ডল সাহা :-তৃণমূল প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির, পালটা উত্তেজনা শাসক শিবিরের। ‘চোর’ স্লোগান তুলে তাঁকে নিশানা করার অভিযোগ ঘিরে চড়ে রাজনৈতিক পারদ। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা গ্রামপঞ্চায়েতের গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৈরি হয় তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে ধাওয়া করেন জওয়ানরা।
বিজেপি কর্মীদের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল বাকচায়। অভিযোগ, তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন এবং তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলছিলেন। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের পাল্টা দাবি, সকাল থেকেই তিনি বাকচা গ্রামপঞ্চায়েতের বিভিন্ন বুথ পরিদর্শনে ছিলেন। তাঁর কথায়, “ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শুনেই ২৩৪ নম্বর বুথে যাই। সেখানে পৌঁছতেই লাঠিসোঁটা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা আমার দিকে তেড়ে আসে। আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং ‘চোর’ স্লোগান দেয়।”
ঘটনার পর নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি তুলেছেন। ‘চোর’ স্লোগান প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমি সমাজসেবী, মানুষ আমাকে সেই ভাবেই চেনে। আমি চোর নই, গদ্দারও নই। ওরাই মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
Hindustan TV Bangla Bengali News Portal