প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। বুধের সকালেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাতটি জেলার ১৪২টি আসনের নির্বাচন। আর এই হাইভোল্টেজ ভোটের ঠিক আগে রাজ্যে ফের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ভোটারদের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের নিয়েই এই তালিকা। প্রথম দফার আগে ট্রাইব্যুনালের প্রকাশ করা তালিকায় নাম যোগ হয়েছিল ১৩৯ জনের। ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় দফার ভোটের আগে নতুন করে তালিকায় নাম জুড়েছে ১৪৬৮ জনের। এর বিপরীতে নাম কাটা গিয়েছে ৬ জনের। সাধারণত ভোটের নির্দিষ্ট সময় আগে তালিকা ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়া হলেও, শীর্ষ আদালতের বিশেষ নির্দেশে এবার ভোটের দু’দিন আগে পর্যন্ত নিষ্পত্তিকৃত নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে। যাঁদের নাম উঠল, তাঁদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তাঁর ভোটটা দিতে পারেন।মঙ্গলবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় কলকাতা দক্ষিণে ৬৭৭ জনের নাম জুড়েছে। কলকাতা উত্তরে জুড়েছে ৫৯৬ জনের নাম। হাওড়ায় জুড়েছে ৭৭ জনের নাম। পাশাপাশি নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে আট জন এবং হুগলিতে সাত জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়।বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। সাত জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকায় দ্বিতীয় দফার ভোটকেন্দ্রগুলির যে ভোটারদের নাম জুড়ল, তাঁরাও ভোট দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। শীর্ষ আদালতের সেই নির্দেশ মোতাবেক এ বার পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইবুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal