দেবরীনা মণ্ডল সাহা :-দ্বিতীয় দফার ভোটের দিন দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য! সকাল ৭টায় ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে পথে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| ভবানীপুরের একাধিক বুথে টহল দিচ্ছেন তিনি। এই নির্বাচনের অন্যতম নজরকাড়া কেন্দ্র এটি|এদিন মমতা বন্দোপাধ্যায় জানালেন, সারা দিন তিনি রাস্তাতেই থাকবেন। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নন, থাকবেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী হয়ে। একই সঙ্গে সোমবার রাতে বিদায়ী মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পর্যবেক্ষকের যাওয়ার ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন মমতা। একই সঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন তিনি।বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা যান, সেখানে গাড়িতে বসেই ফিরহাদ হাকিমের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর চক্রবেড়িয়ার বিভিন্ন বুথে টহল দেন। সেখান থেকে বেলতলায় যান।মাঝপথে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়েন একটি বুথের সামনে। গাড়ি থেকে নেমে বুথ পরিদর্শন করেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। ভোটের সকালে মমতার এই বুথ পরিদর্শন নিয়ে খোঁচা দেন শুভেন্দু। তাঁর দাবি, ঠেলায় পড়েই ভোটের সকালে বেরিয়েছেন মমতা। বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’
২০২৬-এর নির্বাচনে যে ছবি দেখা গেল তা কার্যত এর আগে কখনও দেখা যায়নি। ২০২১ সালে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেবারেও এত সকালে পথে নামেননি। ফলে আজকের এই দৃশ্য এককথায় বেনজির।
Hindustan TV Bangla Bengali News Portal