দেবরীনা মণ্ডল সাহা :- বাংলার রাজনীতিতে বড়সড় পালাবদল। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের দাপট। বিপুল আসন নিয়ে রাজ্যে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি | এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |সোমবার সন্ধ্যায় দিল্লিতে দলের সদর দফতর থেকে জয়ের বার্তা দেন।ভাষণের শুরুতেই মোদী বলেন,“আজ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটেছে।” বাংলার মানুষকে প্রণাম জানিয়ে তিনি দাবি করেন, এই ফলাফল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর পথে বড় পদক্ষেপ। এদিন তাঁকে বাঙালির ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবিতে দেখা যায়, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলার প্রসঙ্গে বলতে গিয়ে মোদী স্মরণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জীকে। তিনি বলেন, “আজ শ্যামাপ্রসাদের আত্মা শান্তি পেল। তিনি যে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা পূরণের পথে আমরা এগোচ্ছি।” পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, “জনতার সেবাই আমাদের ধর্ম।”
নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২০০-রও বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গঠনের পথে বিজেপি। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বাংলায় পৌঁছেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস. জোশী। মঙ্গলবার চূড়ান্ত বিধায়ক তালিকা তৈরি হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার গ্যাজেট নোটিফিকেশন জারি নিয়ে রাজভবনে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও কমিশনের প্রতিনিধিরা।সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ বৈশাখ, অর্থাৎ ৯ মে রাজভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের খবর।
এদিন মোদী দলের নতুন সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন-এর ভূয়সী প্রশংসাও করেন। তাঁর কথায়, “দলের প্রতিটি কর্মীর হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” বাংলার এই রায়কে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal