প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিকেলে নবান্নে যান তিনি। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের ২ জন কর্মী খুন হয়েছেন। আজ যদি ফল উল্টো হতো ২০০ জন খুন হয়ে যেত। ” শমীকের দাবি, “কিছু তৃণমূলী গেরুয়া আবির লাগিয়ে ভাঙচুর চালাচ্ছে, তৃণমূলের অফিস দখল করছে। আমরা আমাদের দলে বলে দিয়েছি এসব চলবে না। যে করবে তাকে দলের বাইরে যেতে হবে।” শমীক জানান, স্বরাষ্ট্র সচিব, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ”পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। এই জয় মানুষের জয়। প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন। এটা কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।” কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ শমীকের। বলে রাখা প্রয়োজন, এদিনই ভোটের পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার দুপুর ৩টে নাগাদ শমীক নবান্নে প্রবেশ করেন। ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, বিজেপির মুখ্যমন্ত্রী, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ শনিবার সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এছাড়া, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত, উৎপল মহারাজের নামও রয়েছে তালিকায়।
Hindustan TV Bangla Bengali News Portal