Breaking News

২০ দিনের জেল জীবন এবার বইয়ের পাতায়, ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার!

প্রসেনজিৎ ধর :- বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পাওয়ার পর অভিমান থাকলেও দল ছাড়েননি চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ভোটে দলের বিপর্যয়, একের পর এক নেতার দলবদলের আবহেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁকে জেলে যেতে হয়েছে বলে দাবি করলেন প্রবীণ এই তৃণমূল নেতা।
জেল জীবনের অভিজ্ঞতা নিয়েই এবার বই লিখলেন অসিত মজুমদার। তাঁর লেখা বইয়ের নাম ‘কারাগারের অন্তরালে ২০ দিন’। মঙ্গলবার বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, আগামী দিনেও সমকালীন রাজনীতি নিয়ে আরও বই লেখার ইচ্ছে রয়েছে তাঁর।গত ৩১ মে চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল অসিত মজুমদারকে। প্রায় ২০ দিন হুগলি জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু আন্দোলনে অংশ নিলেও এর আগে কখনও জেলে যেতে হয়নি বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক।
বই প্রকাশ অনুষ্ঠানে অসিত মজুমদার বলেন, “অনেক বছর ধরে রাজনীতি করছি। বিরোধী রাজনীতিও করেছি, কিন্তু কখনও জেলে যেতে হয়নি। এবার আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হল। পরে আমার বিরুদ্ধে তোলাবাজি ও ধর্ষণের চেষ্টার মতো মামলাও যুক্ত করা হয়েছে।”জেলবন্দি থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সেই দিনগুলি তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল। তবে তাঁর লেখা বইয়ের বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে থেকে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।
ইতিমধ্যেই বইটির প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। অসিত মজুমদারের দাবি, ফেসবুকে প্রচ্ছদ প্রকাশের পর বিপুল সাড়া মিলেছে। সক্রিয় রাজনীতির পাশাপাশি ভবিষ্যতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতাগুলিকে বইয়ের পাতায় তুলে ধরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।অসিতের কথায়, “সক্রিয় রাজনীতির পথেই চলব। পথই পথ দেখাবে, আর সেই অভিজ্ঞতাগুলিই বইয়ের পাতায় লেখা থাকবে।”তবে প্রাক্তন বিধায়কের এই বই প্রকাশকে কটাক্ষ করেছে বিরোধীরা। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, “তৃণমূল সরকার কী করেছে, তাদের নেতারা কী বলছেন—সেসব নিয়েই তো বই লেখা যায়। ওনার এখন আর কোনও কাজ নেই, তাই বই লিখছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *