Breaking News

সিঙ্গুরে কেমিক্যাল পার্ক গড়ার প্রস্তাব শমীকের, বাংলায় বড় শিল্প বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি রাজ্য সভাপতির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় কেন্দ্রের প্রস্তাবিত কেমিক্যাল পার্ক গড়ে তোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর প্রস্তাব, সিঙ্গুরকে অগ্রাধিকার দিয়ে হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুরকেও সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা যেতে পারে।সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ (ভাব্য) প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের তিনটি আধুনিক ও ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রতিটি প্রকল্পের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেবে। রাজ্য সরকারেরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। পাশাপাশি একটি কেমিক্যাল পার্ক তৈরির জন্য প্রয়োজন হবে প্রায় ২ হাজার একর জমি, যার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই।এই পরিস্থিতিতে বাংলায় তিনটির মধ্যে একটি কেমিক্যাল পার্ক আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে বৃহৎ শিল্প বিনিয়োগের পথ খুলবে, তৈরি হবে বিপুল কর্মসংস্থান এবং রাসায়নিক শিল্পে নতুন গতি আসবে। সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।চিঠিতে শমীক ভট্টাচার্য সিঙ্গুরকে সম্ভাব্য স্থান হিসেবে বিশেষভাবে উল্লেখ করেছেন। পাশাপাশি হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুরের মতো শিল্পাঞ্চলগুলিকেও কেমিক্যাল পার্ক তৈরির উপযুক্ত জায়গা হিসেবে বিবেচনার প্রস্তাব দিয়েছেন। তবে এই স্থানগুলির বাইরেও রাজ্য সরকারের নজরে যদি আরও কোনও উপযুক্ত এলাকা থাকে, সেটিও বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।এখন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এই প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয় এবং কেন্দ্রের প্রস্তাবিত তিনটি কেমিক্যাল পার্কের মধ্যে একটি বাংলার ঝুলিতে আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও শিল্পমহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *