প্রসেনজিৎ ধর, কলকাতা :- সল্টলেকে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক অবসাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।মৃতরা হলেন সজল কুমার কুণ্ডু (৬৪) এবং তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডু (৬১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রঞ্জনা দেবী দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। সজলবাবুও শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই দু’জনেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ছিলেন বলে পরিবারের দাবি। এই পরিস্থিতির সঙ্গে মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় একই বাড়িতে থাকা তাঁদের ছেলে ও পুত্রবধূ আত্মীয়ের বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে ছেলের সন্দেহ হয়। পরে তিনি প্রতিবেশীদের খবর দেন এবং নিজে বাড়িতে ফিরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ, যা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি।পুলিশ দম্পতির ছেলে-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। পারিবারিক বা অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দম্পতির শারীরিক অসুস্থতা, মানসিক অবস্থাসহ সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত ওই দম্পতির এমন পরিণতিতে প্রতিবেশীরাও হতবাক।
Hindustan TV Bangla Bengali News Portal