Breaking News

সাইবার প্রতারণার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশের অভিযান! পূর্ব যাদবপুর থেকে গ্রেফতার ৩, উদ্ধার ৬২টি এটিএম কার্ড

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সাইবার প্রতারণার একটি মামলার তদন্তে কলকাতায় এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার পূর্ব যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করা হয়। ধৃত তিনজনই বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে ছিল পূর্ব যাদবপুর থানার পুলিশও। দিল্লির সাউথ-ওয়েস্ট সাইবার থানায় দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্ত করতে কলকাতায় আসে দিল্লি পুলিশের একটি দল। জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর ওই থানায় একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলার সূত্র ধরেই তদন্তকারীরা কলকাতায় পৌঁছন। দিল্লি পুলিশের দলে ছিলেন এসআই নীরজ কাকরালিয়া-সহ তিন জন হেড কনস্টেবল। কলকাতায় এসে পূর্ব যাদবপুর থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন দিল্লি পুলিশের তদন্তকারীরা। এরপর যৌথভাবে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজের সূত্র ধরেই সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হয় বলে পুলিশ সূত্রে খবর। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পূর্ব যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে রয়েছেন ভারত বিশাল। তিনি বিহারের বাসিন্দা। বাকি দু’জন ইন্দ্রজিৎ কুমার ওরফে রোশন এবং বিরাজ কুমার। তাঁরা বিহারের জাহানাবাদ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের নজরে এসেছে, ধৃতদের কাছ থেকে একাধিক এটিএম কার্ডের হদিশ মিলেছে। সেই কার্ডগুলি তাঁরা কীভাবে সংগ্রহ করেছিলেন, সেগুলি ব্যবহার করে কী ধরনের প্রতারণার পরিকল্পনা ছিল এবং এটিএমের মাধ্যমে কীভাবে টাকা তোলার চেষ্টা করা হত—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে আরও কোনও ব্যক্তি বা বড়সড় সাইবার প্রতারণা চক্রের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কলকাতায় তাঁদের উপস্থিতির কারণ এবং দিল্লির মামলার সঙ্গে তাঁদের সরাসরি যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *