Breaking News

যাদবপুর-সহ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ হোক! দ্রুত শুনানির আর্জি নিয়ে হাই কোর্টে মামলা, বুধেই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমনই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি বর্তমানে বিচারাধীন। এবার সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।জানা গিয়েছে, আগস্ট মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলাকারীর তরফে আদালতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা এবং শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। দুই পক্ষের মধ্যে বিক্ষোভ, পাল্টা স্লোগান এবং সংঘর্ষের অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এর ফলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।এই পরিস্থিতির মধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি ফের সামনে এসেছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবাধে বহিরাগতদের প্রবেশ চলছে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা সমস্যায় পড়ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যাতে কোনওভাবেই নষ্ট না হয়, সেই কারণে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ জরুরি বলে আদালতে দাবি করা হয়েছে।মামলাটি শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নয়। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়েই বহিরাগতদের প্রবেশ বন্ধ করার আবেদন জানানো হয়েছে। মামলাকারীর অভিযোগ, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্যাম্পাসে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হলে তার প্রভাব পড়ছে সাধারণ পড়ুয়াদের উপর। তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করা হয়েছে।আগস্ট মাসে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলাটি বর্তমানে হাই কোর্টে বিচারাধীন। এবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হল। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।এখন দেখার, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্ট কী নির্দেশ দেয়। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ পড়ুয়াদের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ নিশ্চিত করতে আদালতের তরফে কোনও পদক্ষেপ করা হয় কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *