প্রসেনজিৎ ধর :-গত কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন বসিরহাট উপসংশোধনাগারের কয়েক জন বন্দি। সময় যত গড়িয়েছে, অসুস্থ বন্দির সংখ্যাও বেড়েছে। বর্তমানে প্রায় ১৭-১৮ জন বন্দি অসুস্থ বলে জানা গিয়েছে। খবর পেয়ে জেলে পৌঁছয় মেডিক্যাল টিম। প্রাথমিক ভাবে স্বাস্থ্য দফতরের অনুমান, উপসংশোধনাগারে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যজুড়ে পালিত হয়েছে ‘খাদ্যসুরক্ষা সপ্তাহ’। সেই সময় বিভিন্ন রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা মাংস এবং বাসি খাবার। কোথাও আবার অস্বাস্থ্যকর রান্নাঘর দেখতে পেয়ে দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন। এরই মধ্যে বসিরহাট উপসংশোধনাগারে বন্দিদের অসুস্থ হয়ে পড়াকে ঘিরে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে।যদিও খাদ্য থেকেই এই অসুস্থতা ছড়িয়েছে বলে মানতে নারাজ জেল কর্তৃপক্ষ। বন্দিদের ডায়ারিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও খাবারের কারণে তাঁদের পেটের সমস্যা হয়েছে— এমন অভিযোগ তাঁরা মানছেন না।বন্দিদের অসুস্থতার খবর পেয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে একাধিক চিকিৎসক জেলে পৌঁছন। সেখানে বন্দিদের স্বাস্থ্যপরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।অনুপম ভট্টাচার্য জানান, অসুস্থদের মধ্যে কাউকেই আপাতত হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি। তাঁর কথায়, ‘‘১৭-১৮ জনের মতো অসুস্থ হয়েছিল। ডাক্তাররা চিকিৎসা করেছেন। ওষুধ দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভর্তি করানোর মতো অবস্থা নয়, এখন ঠিক আছে।”ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল বলেও জানান তিনি। অনুপমের কথায়, ‘‘ডায়ারিয়া যেমন হয়, তেমন হয়েছিল। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal