প্রসেনজিৎ ধর, কলকাতা :-আসন্ন বিধানসভা উপনির্বাচন এবং পুরভোটকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তারই মধ্যে রাজ্য বিজেপির মিডিয়া বিভাগ ও মুখপাত্রদের তালিকায় বড়সড় রদবদল করা হল। নতুন তালিকায় বেশ কয়েকটি পুরনো মুখকে ফেরানো হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং বিজেপি নেতা প্রণয় রায়। রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশে এই সাংগঠনিক রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা রাজ্য দফতর ইনচার্জ শশী অগ্নিহোত্রী।নতুন ব্যবস্থায় বঙ্গ বিজেপির মুখ্য মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী দেবজিৎ সরকারকে। ১৪ জনের মুখপাত্রের তালিকায় রয়েছেন রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, কেয়া ঘোষ, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, ড. নিখিল প্রসূন সিংহ, শমীক দাশগুপ্ত, সুদীপ্ত গুহ এবং অবসরপ্রাপ্ত মেজর ঋত্বিক পাল। দলের পত্র-পত্রিকার দায়িত্বও সামলাবেন সপ্তর্ষি চৌধুরী।
মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনর করা হয়েছে অনুপম ঘোষকে। যুগ্ম কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থ সারথী চৌধুরী এবং চন্দ্রশেখর বাসুতিয়া। অন্যদিকে, আইটি সেলের কনভেনর হয়েছেন জয় মল্লিক। সোশাল মিডিয়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে উপমন্যু ভট্টাচার্যকে।
রাজনৈতিক মহলের মতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বঙ্গ সফরের ঠিক আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দু’দিনের সফরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আসন্ন বিধানসভা উপনির্বাচন এবং পুরভোটের প্রস্তুতি নিয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করার কথা তাঁর।নীতিন নবীনের সফর ঘিরে যখন রাজ্য বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময়েই মিডিয়া বিভাগে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সায়ন্তন বসু এবং প্রণয় রায়ের মতো পুরনো মুখকে ফের মুখপাত্রের দায়িত্ব দেওয়াকে সংগঠনের অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের মধ্যে ভারসাম্য তৈরির কৌশল হিসেবে দেখছে রাজনৈতিক মহল।এর আগে গত সপ্তাহেই বিজেপির ২৭০ সদস্যের বিস্তৃত রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষদের জায়গা দেওয়া হয়েছে। এবার মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাতেও বড়সড় রদবদল করে আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দিল বঙ্গ বিজেপি।
Hindustan TV Bangla Bengali News Portal