দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই আলোর উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বঙ্গবাসী। চলতি সপ্তাহান্তেই কালীপুজো। বারাসত ও নৈহাটির বিখ্যাত কালীপুজো দেখতে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য মানুষ। মণ্ডপ, প্রতিমা এবং চোখধাঁধানো আলোকসজ্জার আকর্ষণে দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। তাঁদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এ বার রাত পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় আপ ও ডাউনে মোট ৬ জোড়া বিশেষ ট্রেন চলবে।
কালীপুজোর সময়ে নৈহাটি ও বারাসতের পাশাপাশি মধ্যমগ্রাম, নিউ বারাকপুর এবং শ্যামনগরেও প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। শক্তি আরাধনার পাশাপাশি আলোকসজ্জা দেখতে সন্ধ্যা থেকেই রাস্তায় নামেন উৎসবপ্রেমীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে বিভিন্ন পুজোমণ্ডপে। ফলে ঠাকুর দেখে বাড়ি ফেরার জন্য রাতের দিকে পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়ে। সেই কথা মাথায় রেখেই শিয়ালদহ শাখার একাধিক রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট ও বারাকপুরের পাশাপাশি বারাসত থেকে বনগাঁ এবং হাসনাবাদ রুটেও বিশেষ ট্রেন চলবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ১২টি ট্রেন যাত্রী পরিষেবা দেবে। ফলে রাত পর্যন্ত ঠাকুর দেখার পর বাড়ি ফেরার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে দর্শনার্থীদের।
একনজরে বিশেষ ট্রেনের সময়সূচি:
আপ ট্রেন
শিয়ালদহ–ডানকুনি: রাত ১১টা
শিয়ালদহ–বারাসত: রাত ১২টা ৫০ মিনিট
বারাসত–বনগাঁ: রাত ১টা ৫০ মিনিট
বারাসত–হাসনাবাদ: রাত ১টা ১০ মিনিট
শিয়ালদহ–রানাঘাট: রাত ১২টা ৪০ মিনিট
শিয়ালদহ–বারাকপুর: রাত ১২টা ৩০ মিনিট
ডাউন ট্রেন
ডানকুনি–শিয়ালদহ: রাত ১১টা ৫৫ মিনিট
বারাসত–শিয়ালদহ: রাত ১টা ১০ মিনিট
বনগাঁ–বারাসত: রাত ১১টা
হাসনাবাদ–বারাসত: রাত ১১টা ৩০ মিনিট
রানাঘাট–শিয়ালদহ: রাত ১১টা ৪৫ মিনিট
বারাকপুর–শিয়ালদহ: রাত ১টা ২৫ মিনিট
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, আলোর উৎসবে যাত্রীদের আনন্দ ও নিরাপত্তার কথা বিবেচনা করেই রাত পর্যন্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ট্রেনগুলি প্রত্যেক স্টেশনে থামবে। কোনও ট্রেনই গ্যালপিং করবে না। অর্থাৎ, মাঝের স্টেশনগুলি এড়িয়ে যাওয়ার ব্যবস্থা থাকছে না।এদিকে বিশেষ ট্রেন চালানোর জন্য নৈহাটি জংশনের প্ল্যাটফর্ম ব্যবস্থাতেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না। ওই সময়ে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল করবে। তাই নৈহাটি থেকে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্ম সংক্রান্ত ঘোষণা শুনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal