দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবিতে ফের সরব হলেন মালিকেরা। তাঁদের দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারি ভাবে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়নি। অন্য দিকে, জ্বালানি থেকে শুরু করে বাসের রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন এবং অন্যান্য খরচ ক্রমশ বেড়েছে। এই পরিস্থিতিতে লোকসানের বোঝা সামলাতে গিয়ে সমস্যায় পড়ছেন বেসরকারি গণপরিবহণের সঙ্গে যুক্ত মালিকেরা। আর্থিক সঙ্কট কাটিয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে এ বার বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহকে চিঠি পাঠাল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। কলকাতায় সাধারণ বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।
সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত আট বছরে পরিবহণ শিল্পের খরচের হিসাব অনেকটাই বদলে গিয়েছে। এই সময়ের মধ্যে একাধিক বার পরিবহণমন্ত্রী বদল হলেও বাসভাড়া বৃদ্ধির দাবি পূরণ হয়নি। করোনা অতিমারির কারণে যে আর্থিক ক্ষতি হয়েছিল, তা কাটিয়ে ওঠার আগেই জ্বালানি তেলের দাম এবং বাসের রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। বাস চালিয়ে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে দাবি মালিকদের।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ন’দফা দাবি-সহ একটি স্মারকলিপি পরিবহণ দফতরে জমা দিয়েছিল সংগঠন। সেই সময় পরিবহণমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, দুর্গাপুজোর পর বাসভাড়া সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই আশ্বাসের কথা মনে করিয়েই নতুন করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব পেশ করেছেন বাসমালিকেরা।
সংগঠনের প্রস্তাব অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানানো হয়েছে। ৪ থেকে ৬ কিলোমিটারের জন্য ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলার বাসগুলির ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে। প্রস্তাবে বলা হয়েছে, সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারের ভাড়া ২০ টাকা করতে হবে। এর পর প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া দাবি করা হয়েছে। সাধারণ এসি বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৫০ টাকা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ ও দার্জিলিঙের মতো বিভিন্ন জেলা ও পাহাড়ি এলাকায় মিনিবাসের ভাড়া পুনর্বিন্যাসের দাবিও জানানো হয়েছে।বাসমালিকদের বক্তব্য, বছরে গড়ে মাত্র ২৭০ দিন বাস রাস্তায় চালানো সম্ভব হয়। অথচ প্রতিদিন জ্বালানি, কর্মীদের বেতন, টায়ার এবং বিভিন্ন খাতে খরচ রয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কের ঋণের কিস্তি, তিন মাস অন্তর রোড ট্যাক্স এবং বার্ষিক ফিটনেস সার্টিফিকেট ও বিমার খরচও বহন করতে হয়। তাঁদের দাবি, বর্তমান ভাড়ায় এই বিপুল ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। পরিবহণ শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং মালিক ও পরিচালকদের ন্যূনতম আয় নিশ্চিত করতে বাস্তবসম্মত ভাবে ভাড়া পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
এ দিকে, বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিবহণ দফতরের একাংশের বক্তব্য, সরকারিভাবে ভাড়া বৃদ্ধির অনুমতি না মিললেও বেসরকারি বাসমালিকদের একাংশ ইতিমধ্যেই নিজেদের মতো করে ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, বর্তমানে অনেক ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ১৫ টাকা নেওয়া হচ্ছে। দূরত্ব অনুযায়ী সেই ভাড়া বেড়ে ১৮ টাকা পর্যন্ত হচ্ছে। বিষয়টি রাজ্য সরকারের অজানা নয় বলেই দাবি ওই মহলের। পরিস্থিতি খতিয়ে দেখেই পরিবহণমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal