Breaking News

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ! রাজ্যে নতুন ২৯টি মহিলা থানা তৈরির বিজ্ঞপ্তি জারি, শুরু প্রক্রিয়া

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নারী সুরক্ষায় আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। রাজ্যে নতুন করে ২৯টি মহিলা থানা তৈরির উদ্যোগ শুরু করল স্বরাষ্ট্র দফতর। দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের তরফে এই সংক্রান্ত প্রস্তাব জমা থাকলেও তা কার্যকর হয়নি। অবশেষে চলতি বছরের রাজ্য বাজেটে প্রতি মহকুমায় মহিলা থানা গড়ে তোলার ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুযায়ী, গত ৩০ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এর পরেই নতুন থানা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের আমলেই রাজ্যে মহিলা থানার সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আসানসোল শহরের গান্ধী মোড়ের কাছে ২০১২ সালে প্রথম মহিলা থানা চালু হয়। তবে তার পর থেকে নতুন মহিলা থানা তৈরির কাজে প্রত্যাশিত গতি আসেনি। বর্তমানে রাজ্যে মোট ৪০টি মহিলা থানা রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে রাজ্য পুলিশের তরফে ১৬টি মহকুমায় ২০টি নতুন মহিলা থানা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এ বার মহকুমাভিত্তিক ২৯টি নতুন মহিলা থানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত তালিকা অনুযায়ী, কোচবিহার, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে তিনটি করে মহিলা থানা তৈরি হবে। দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় দু’টি করে থানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে একটি করে নতুন মহিলা থানা তৈরির প্রস্তাব রয়েছে।
নতুন থানাগুলি কোথায় তৈরি হবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, বীরভূমের রামপুরহাট, কোচবিহারের মেখলিগঞ্জ, তুফানগঞ্জ ও মাথাভাঙায় মহিলা থানা গড়ে উঠবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং দার্জিলিং জেলার কার্শিয়াং ও মিরিকেও নতুন থানা তৈরির পরিকল্পনা রয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ জেলার চুঁচুড়া ও চন্দননগরে এবং জলপাইগুড়ি জেলার মালবাজার ও ধূপগুড়িতে মহিলা থানা তৈরি হবে। মালদহের চাঁচলও রয়েছে এই তালিকায়।
মুর্শিদাবাদ জেলার ডোমকল, কান্দি ও লালবাগে নতুন মহিলা থানা তৈরি হবে। নদিয়ার ক্ষেত্রে রানাঘাট পুলিশ জেলার কল্যাণী এবং কৃষ্ণনগর পুলিশ জেলার তেহট্টে এই থানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলার বসিরহাট এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও নতুন মহিলা থানা তৈরি হবে। পাশাপাশি পূর্ব বর্ধমানের বর্ধমান সদর দক্ষিণ, কালনা ও কাটোয়া, পূর্ব মেদিনীপুরের এগরা ও তমলুক, পুরুলিয়ার ঝালদা ও মানবাজার, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরেও মহিলা থানা গড়ে তোলা হবে।নতুন মহিলা থানা চালু হলে পুলিশকর্মী নিয়োগের ক্ষেত্রেও বাড়তি সুযোগ তৈরি হবে। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি থানায় এক জন ইন্সপেক্টর, ৬ থেকে ৭ জন সাব-ইন্সপেক্টর, ৮ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ২০ জন মহিলা কনস্টেবল রাখার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মহিলা থানাগুলিতে সাধারণত তিন জন সাব-ইন্সপেক্টর, পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ১০ জন মহিলা কনস্টেবল রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রাজ্য সরকারের এই উদ্যোগ কার্যকর হলে বিভিন্ন মহকুমায় মহিলাদের অভিযোগ জানানোর জন্য পৃথক থানার সংখ্যা বাড়বে। একই সঙ্গে নতুন থানা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী নিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *