প্রসেনজিৎ ধর :-মিডিয়া ট্রায়াল বন্ধের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মামলায় সরাসরি হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বরং দ্রুত শুনানির জন্য মামলাটি ফের কলকাতা হাইকোর্টেই পাঠিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়েছে, দুর্গাপুজোর ছুটি শেষ হলেই হাইকোর্টে এই মামলার শুনানি করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি বা আইনি সুরক্ষা পাবেন কি না, সেই সিদ্ধান্তও নেবে কলকাতা হাইকোর্ট।
মামলার সূত্রপাত পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সংবাদমাধ্যমে ধারাবাহিকভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর অভিযোগ থেকে। এই প্রবণতা বন্ধের আর্জি জানিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর আইনজীবী একাধিকবার, মোট তিনবার মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতে উল্লেখও করেন। কিন্তু তারপরেও শুনানি না হওয়ায় দ্রুত আইনি প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও শীর্ষ আদালত মামলাটি নিজের হাতে না নিয়ে হাইকোর্টকেই দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে।অভিষেকের আইনজীবীর অভিযোগ, তদন্তকারী সংস্থার একাংশের কাছ থেকে গোপন নথি এবং জিজ্ঞাসাবাদ সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করা হচ্ছে। এর জেরে তাঁর মক্কেলকে নিশানা করে একপেশে প্রচার চালানো হচ্ছে। এই ধরনের মিডিয়া ট্রায়াল অভিষেকের ব্যক্তিগত অধিকার ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি তদন্তের নিরপেক্ষতাকেও প্রভাবিত করতে পারে বলে আদালতে দাবি করা হয়।
প্রথমে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই আবেদন জানিয়েছিলেন অভিষেক। তবে নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উল্লেখ করেন তাঁর আইনজীবী। কিন্তু দুর্গাপুজোর ছুটির মধ্যে শুনানি করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় সেই বেঞ্চ। এরপরই দ্রুত শুনানির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তবে সেখান থেকেও মামলাটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোয় এখন হাইকোর্টের শুনানির দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal