দেবরীনা মণ্ডল সাহা :-অসম থেকে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হচ্ছে বাঘিনিকে। ইতিমধ্যেই ট্র্যাঙ্কুলাইজ করে তাকে ধরার পর ঐরাবত গাড়িতে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ১৪ মিনিটে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়। এরপর গ্রিন করিডর তৈরি করে অসম থেকে বাংলায় নিয়ে আসা হবে তাকে। গত সোমবার ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) তরফে বাঘিনিকে ট্র্যাঙ্কুলাইজ় করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি পাওয়ার পরেই শুরু হয় তাকে ধরার প্রস্তুতি।
গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজ়ার্ভ থেকে বাঘিনিটিকে এনে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হয়েছিল। কিন্তু সেখানে বেশিদিন থাকেনি সে। অক্টোবরের মাঝামাঝি বক্সার জঙ্গল ছেড়ে অসমের রায়মোনা টাইগার রিজ়ার্ভ সংলগ্ন এলাকায় চলে যায় বাঘিনিটি। প্রথম দিকে বাংলার বনদপ্তরের তরফে জানানো হয়েছিল, আপাতত জোর করে তাকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা নেই। কিন্তু পরবর্তী সময়ে অসমের অন্তত দু’টি বনবস্তি, রাজেন্দ্রপুর ও নারায়ণপুর এলাকায় তার গতিবিধি নজরে আসে। সেখানে ঘোরাফেরার পাশাপাশি শিকারও শুরু করে বাঘিনিটি। এর ফলে স্থানীয় বাসিন্দা ও বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।মানুষের নিরাপত্তা এবং বন্যপ্রাণের সুরক্ষার কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত বাঘিনিটিকে ধরে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এনটিসিএ-র অনুমতি নিয়ে মঙ্গলবার তাকে ট্র্যাঙ্কুলাইজ করা হয়। এবার ঐরাবত গাড়িতে চাপিয়ে গ্রিন করিডরের মাধ্যমে ফের বক্সার জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাঘিনিটিকে।
Hindustan TV Bangla Bengali News Portal