Breaking News

পুরভোটের নির্ঘণ্ট কবে? ৬ নভেম্বর আসন পুনর্বিন্যাস মামলার রায় ঘোষণার পরই মিলবে স্পষ্ট ইঙ্গিত, জানাল হাই কোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভায় ভোটের প্রস্তুতি ঘিরে নতুন করে জটিলতা তৈরি হল। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের রায় ঘোষণার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আগামী শুক্রবারই এই মামলায় রায় ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
জল্পনা ছিল, আগামী ডিসেম্বরেই কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় নির্বাচন হতে পারে। সেই সম্ভাবনার মধ্যেই কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। আগে কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। নতুন পুনর্বিন্যাসে তা একলাফে বেড়ে হয়েছে ২০৯। এই পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করে সিপিএম। মামলাকারী দীপু দাসের অভিযোগ, নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারণের ক্ষেত্রে একাধিক অসঙ্গতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় গিয়ে সরেজমিনে পরিদর্শন এবং সাধারণ মানুষের মতামত নিতে জনশুনানির প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি।আবেদনকারীর আরও দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বরং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা করে দিতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
প্রথমে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে অন্তর্বর্তী কোনও নির্দেশ না দিলেও সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর সিঙ্গল বেঞ্চের অবস্থানকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী বাম নেতা। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আসন পুনর্বিন্যাস নিয়ে তাঁদের দায়ের করা মামলার আর কোনও কার্যকর গুরুত্ব থাকবে না। তাই আগাম অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। যদিও সেই সময় সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ফের মামলাটির শুনানি হয়। সেখানেই আদালত জানিয়ে দেয়, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারবে না। ইতিমধ্যেই এই মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছে আদালত। আগামী শুক্রবার এই মামলার রায় ঘোষণা হতে পারে। হাই কোর্টের চূড়ান্ত নির্দেশে পুরভোটের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *