নিজস্ব সংবাদদাতা :-গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বুধবার নিহত ছাত্রীর পরিবারের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হল। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নির্যাতিতার বাবার হাতে ওই চেক তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক প্রগতি নটিয়াল। চেক তুলে দেওয়ার সময় শান্তনু ঠাকুর জানান, মুখ্যমন্ত্রী তাঁদের পাঠিয়েছেন। পরিবারকে আশ্বস্ত করে তিনি বলেন, “আপনাদের পাশে আমরা সবাই আছি।” এদিকে, পরিবারের তরফে এদিন মন্ত্রীর কাছে আরও একটি আবেদন জানানো হয়েছে। পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে উচ্চমহলের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
প্রশাসন সূত্রে খবর, সরকারি নিয়ম অনুযায়ী ধর্ষণ ও খুনের মতো ঘটনায় নির্যাতিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। সেই নিয়ম মেনেই ঘটনার ১০ দিন পর পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। যদিও এই অর্থ মেয়ে হারানোর যন্ত্রণা কোনওভাবেই কমাতে পারবে না, তবে অসহায় পরিবারের আর্থিক পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। চেক হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত ছাত্রীর বাবা-মা। শোকস্তব্ধ বাবা বলেন, “মেয়ে তো আর ফিরে আসবে না। অভাবের সংসার, আমরা অসুস্থ। এই অর্থে কিছুটা সুরাহা হবে।”উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিন সকালে এক আত্মীয়ের বাড়ির বাথরুমের সামনে থেকে ওই ছাত্রীর অর্ধনগ্ন ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তদন্তে নেমে নির্যাতিতার এক আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের।পুলিশের দাবি, ঘটনার তিন দিন পর তদন্তের স্বার্থে অপরাধের পুনর্নির্মাণের জন্য প্রহ্লাদকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অজুহাতে সে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালালে মৃত্যু হয় অভিযুক্তের।
অন্যদিকে, ছেলের পুলিশের গুলিতে মৃত্যুর পর আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অভিযুক্তের মা। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, নিয়ম মেনে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে একই ঘটনায় নির্যাতিতার পরিবার ও অভিযুক্তের পরিবারের জন্য প্রশাসনের আর্থিক সহায়তা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal