Breaking News

‘ওবিসি জট কাটিয়ে নিয়োগ’, ১৪৯ সমবায় পরিদর্শকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে রাজ্যে ফের গতি পেল নিয়োগ প্রক্রিয়া। সমবায় দপ্তরে নতুন করে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, দীর্ঘ দু’বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিয়োগ শুরু হয়েছে। এদিন ১৪৯ জন সমবায় সমিতির পরিদর্শকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিনের সাংবাদিক বৈঠকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, গত ১৫ বছরে আগের সরকার রাজ্যের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেনি। সমবায় ক্ষেত্রেও সেই আমলে চরম অব্যবস্থা তৈরি হয়েছিল। পরীক্ষা নেওয়া হলেও মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হত না বলে অভিযোগ করেন তিনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছতার সঙ্গে নিয়োগে জোর দেওয়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, সমবায় দপ্তরে কাজের প্রচুর সুযোগ রয়েছে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সেই সুযোগ দেওয়া হবে। আগের সরকার ওবিসি সংক্রান্ত জটিলতা তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, “বিগত সরকার ওবিসি জট পাকিয়েছিল। আমরা জট কাটাচ্ছি।” তাঁর আরও অভিযোগ, নিয়োগের জটিলতা মেটানোর পরিবর্তে সাধারণ মানুষের করের টাকা সুপ্রিম কোর্টে মামলা লড়তে খরচ করেছে পূর্বতন সরকার।এদিন পুলিশে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে মোট ১২ হাজার পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর আগে কলকাতা পুলিশে প্রায় ৬ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকার ক্ষমতায় থাকলে এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়িত হত না। পাশাপাশি সমবায় দপ্তরেও আরও কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। ২০০-র বেশি কো-অপারেটিভ ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে জানান তিনি। পূর্বতন সরকারের ভুলের পুনরাবৃত্তি বর্তমান সরকার করবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ওবিসি শংসাপত্র প্রদান এবং সম্প্রদায় তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর ওবিসি তালিকায় যুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিলের নির্দেশ দেয়। এর জেরে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। ওবিসি সংক্রান্ত আইনি জটিলতার কারণে একাধিক ক্ষেত্রে নিয়োগ আটকে যায় বলেও অভিযোগ। ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়। পূর্বতন সরকারের ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহারের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে জটিলতা কাটিয়ে রাজ্যে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি সরকারের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *