Breaking News

পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়নি, তার আগেই পিছোল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! নির্বাচন ঘিরে বাড়ল জল্পনা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হল। বৃহস্পতিবার জারি করা এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, পরবর্তী আলোচনার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।কমিশনের তরফে জারি করা এই নির্দেশিকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারের পাশাপাশি হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের কাছেও পাঠানো হয়েছে। প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা শাসক, কলকাতা পুরসভার কমিশনার এবং বিভিন্ন পুরসভার প্রশাসকদেরও।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর কমিশনের ৮৬০ ও ৮৬১ নম্বর নির্দেশিকায় ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ৫ নভেম্বরের নতুন নির্দেশিকায় সেই সময়সীমা আপাতত পিছিয়ে দেওয়া হল। কবে প্রকাশিত হবে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা, তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট দিন জানায়নি কমিশন।এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনও কি পিছিয়ে যেতে চলেছে? কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, সংশোধিত ভোটার তালিকা আগামী বছর ১৬ জানুয়ারি চূড়ান্ত হওয়ার কথা। পাশাপাশি ডিলিমিটেশন অনুযায়ী নতুন পোলিং বুথের বিন্যাসও নতুন করে সাজানোর কাজ চলছে। ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে নির্বাচন আয়োজন করা কার্যত কঠিন। সেই পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনাও কার্যত অনিশ্চিত।
আসলে পুরভোটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটের প্রস্তুতি। কোন ভোটারের নাম তালিকায় থাকবে, কে কোন বুথে ভোট দেবেন, কারও ভোটকেন্দ্র বা ঠিকানা পরিবর্তন হবে কি না—এই সমস্ত বিষয় চূড়ান্ত না করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কঠিন। ফলে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে যাওয়ায় পুরভোটের নির্ঘণ্ট নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *