Breaking News

দামি গাড়ির ভিতরে পচাগলা দেহ! কসবার রাজডাঙায় চাঞ্চল্য, কীভাবে মৃত্যু ঘিরে রহস্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবার রাস্তায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হল পচাগলা দেহ। বৃহস্পতিবার গাড়ির ভিতর থেকে দেহটি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। পরে তদন্তে যোগ দেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবার রাজডাঙা মেন রোডে বেশ কয়েক দিন ধরে একটি লাল রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার ওই গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরই কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতরে তল্লাশি চালায়। সেখানেই সামনের আসন থেকে উদ্ধার হয় পচাগলা দেহ।প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটির দরজা বন্ধ ছিল না। তবে সমস্ত কাচ ওঠানো ছিল। গাড়িটি দীর্ঘদিন ধরে চলাচলের অবস্থায় না থাকায় রাস্তার ধারে পড়েছিল বলে অনুমান। কীভাবে ওই ব্যক্তির দেহ গাড়ির ভিতরে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় কী, কীভাবেই বা তাঁর মৃত্যু হল, সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা।পুলিশের অনুমান, বেশ কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *