Breaking News

নিউটাউনে মদ্যপ যুবকদের তাণ্ডব! অ্যাপ ক্যাবে ধাক্কার পর ট্রাফিক সার্জেন্টকে হেলমেট দিয়ে মার, ধৃত ৩

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাতের অন্ধকারে নিউটাউনের রাস্তায় বেপরোয়া বাইক চালানোর অভিযোগ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। শেষ পর্যন্ত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের উপর হামলার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের প্রত্যেকেই পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে নিউটাউনের ন’পাড়া এলাকায় একটি বাইকে চেপে যাচ্ছিলেন তিন যুবক। অভিযোগ, তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। রাস্তার উলটো দিক দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবে ধাক্কা মারে তাঁদের বাইক। এরপরই ক্যাবচালকের সঙ্গে তিন যুবকের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে ওই চালক বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজরে আনেন।
অভিযোগ, ঘটনাস্থলে ট্রাফিক সার্জেন্ট পৌঁছতেই তাঁর উপর চড়াও হন ওই তিন যুবক। সার্জেন্টকে বেধড়ক মারধর করার পাশাপাশি হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। এরপরই অভিযুক্তদের আটক করে পুলিশ।ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতিশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। প্রথম দু’জন ওড়িশার বাসিন্দা। অন্যদিকে, শুভজিৎ চক্রবর্তীর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। কর্মসূত্রে তিনজনই নিউটাউন এলাকায় থাকতেন। ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বারাসত আদালতে পেশ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *