Breaking News

কলকাতার গণ্ডি ছাড়িয়ে রাজ্যজুড়ে ইসকনের মিড ডে মিল, নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্কুল পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। শনিবার এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। এতদিন কলকাতার কয়েকটি সরকারি স্কুলেই এই সংস্থার তরফে পড়ুয়াদের খাবার দেওয়া হতো। এবার ধাপে ধাপে রাজ্যের প্রতিটি জেলায় এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের অধীনেই কার্যকর হবে এই নতুন ব্যবস্থা।রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে নতুন উদ্যোগের কথা সামনে আসে। পড়ুয়াদের পুষ্টিকর খাবার পৌঁছে দিতে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। গত আগস্ট মাসে কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রাথমিকভাবে কয়েকটি স্কুলে শুরু হলেও পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত জেলায় এই ব্যবস্থা চালু করা হবে। এর আগে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।এবার কালীপুজোর আগে ফের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছে, পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত জেলায় স্কুলে খাবার সরবরাহের জন্য অন্নমিত্র ফাউন্ডেশনকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একসঙ্গে সব জেলায় এই পরিষেবা চালু হচ্ছে না। পর্যায়ক্রমে গোটা প্রক্রিয়া কার্যকর করা হবে। নয়া নির্দেশিকায় কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাবার প্রস্তুতের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এই কাজে অন্নমিত্র ফাউন্ডেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে জেলা প্রশাসন। তবে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য ডিম সরবরাহের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশিকা সামনে আসেনি। ডিমও কি অন্নমিত্র ফাউন্ডেশন সরবরাহ করবে, নাকি আগের মতো স্কুল কর্তৃপক্ষই সেই ব্যবস্থা করবে, এখন সেই প্রশ্নই উঠছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *