Breaking News

অভিষেকের বাড়ির সামনে ফের মমতার হুঁশিয়ারি, ‘বুলডোজার চালালে ধরনায় বসব’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের কাঠামো ভাঙতে এলে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ফের কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে হাজির হয়ে পুলিশ ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন তিনি। মমতার দাবি, বাড়ির বাইরের একটি কাঠামো নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। শনিবারই কালীঘাট থানার তরফে বুলডোজার দিয়ে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। এরপরই স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বুলডোজার চালালে ধরনা শুরু করব। সেখান থেকে কালীঘাট মন্দির পর্যন্ত। আমার মা কালীর পুজো এখানেই হবে।” পাশাপাশি জেলখানা তৈরির প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, “বলছেন, ৫০ হাজারের জেলখানা বানাবেন, করুন না। ওই জেলখানাই আমাদের পার্টির কার্যালয় হয়ে যাবে।” উল্লেখ্য, আজ ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে শুক্রবার রাত থেকেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। অভিযোগ, রাতভর বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। রাস্তা আটকে জন্মদিন পালনের অভিযোগও ওঠে অভিষেকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরেও উত্তেজনা ছড়ায় কালীঘাট এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিষেকের বাড়ির বাইরে মাইক হাতে দাঁড়িয়ে অনুগামীদের শান্ত থাকার বার্তা দেন মমতা। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।এরপর সন্ধ্যায় ফের অভিষেকের বাড়ির সামনে এসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে আক্রমণ করে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গও তুলে আনেন তিনি। মমতার কথায়, “নন্দীগ্রামের আন্দোলনের কথা মনে পড়ছে। কালীপুজোর দিন অত্যাচার হয়েছিল। আগের দিন অত্যাচার হয়েছিল। তৃণমূল ভবনে বসেছিলাম। সেদিন গুলির আওয়াজ শুনতে হয়েছিল। আজ বুলডোজারের শব্দ শুনব!” একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাংসদ, বিধায়ক, মহিলা ও ভোট লুটের অভিযোগ তুলে সরব হন তিনি। তাঁর কটাক্ষ, “পার্টি লুট, এমপি, এমএলএ লুট, মহিলাদের সম্মান লুট, ভোট লুট, আর কত করবেন? এবার তো থামুন, থামতে কত নেবেন?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *