প্রসেনজিৎ ধর, কলকাতা :-ধর্ষণ-সহ একাধিক গুরুতর মামলায় তদন্তকারীদের নজরে ছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও শেষরক্ষা হল না। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। প্রায় ১৭ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জিজ্ঞাসাবাদ এড়াতেই মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিধায়ক। তবে বিমানবন্দরেই তাঁর সেই পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় নাম জড়িয়েছে পরেশরাম দাসের। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর তদন্তের স্বার্থে দু’বার তাঁকে তলব করে সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখিও হয়েছিলেন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।বিধায়কের সন্ধানে ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানে চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও অধরাই ছিলেন পরেশরাম। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর আসে, কলকাতা থেকে মুম্বই পালানোর ছক কষেছেন তিনি। সেই খবর পেয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে এসওজি-র বিশেষ দল।
বিধাননগর পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকেই বিধায়ককে আটক করা হয়। বারুইপুর জেলা পুলিশের সুপারের সরাসরি তত্ত্বাবধানে এবং উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে আপাতত বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে একাধিক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার পরেশরাম দাসকে আদালতে পেশ করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal