Breaking News

উত্তরপাড়ার নার্সিংহোমে চাঞ্চল্য! শৌচাগারে সন্তান প্রসবের পর জানলা দিয়ে সদ্যোজাতকে ফেলার অভিযোগ নাবালিকার বিরুদ্ধে

প্রসেনজিৎ ধর, হুগলি:- নার্সিংহোমের শৌচাগারে সন্তান প্রসবের পর সদ্যোজাতকে জানলা দিয়ে নীচে ছুড়ে ফেলার অভিযোগ উঠল ১৬ বছরের এক নাবালিকার বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা ওই কিশোরী শুক্রবার গভীর রাতে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়। পরিবারের সদস্যরাই তাকে সেখানে নিয়ে আসেন। পরিবারের দাবি, মেয়ে যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে তাঁদের কোনও ধারণাই ছিল না। সাধারণ পেটের ব্যথা ভেবেই চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল। নার্সিংহোমের মালকিন তথা চিকিৎসক সুচেতা মুখোপাধ্যায়েরও দাবি, কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আগে থেকে তাঁদের জানা ছিল না।
অভিযোগ, শনিবার সকালে রক্ত পরীক্ষা করার পর পেটে যন্ত্রণা বাড়লে ওই নাবালিকা নিজেই হেঁটে শৌচাগারে যায়। সেখানেই একা একা সন্তানের জন্ম দেয় সে। এরপর শৌচাগারের জানলা দিয়ে সদ্যোজাতকে নীচে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনও তদন্তসাপেক্ষ।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক সৌভিক দাসের দাবি, শনিবার সকাল ৮টা নাগাদ নার্সিংহোমের কাছেই কাজ করছিলেন তিনি। আচমকাই উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক সদ্যোজাত। তাঁর আরও দাবি, শব্দ শুনে নার্সিংহোম থেকে এক নার্স দ্রুত নীচে নেমে আসেন এবং শিশুটিকে উদ্ধার করে ভিতরে নিয়ে যান।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই নার্সিংহোমের নীচ থেকে ভ্রূণ উদ্ধারের ঘটনা ঘটেছিল। ফলে বর্তমান ঘটনার পিছনে নার্সিংহোমের কোনও গাফিলতি রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। নার্সিংহোমে নাবালিকাকে ভর্তির ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে, ঘটনার খবর পেয়ে থানায় যান উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যবস্থা করা হবে। তাঁর অভিযোগ, শহরের বেশ কিছু বেসরকারি নার্সিংহোম নিয়মবিধি না মেনেই চলছে। তাঁর প্রশ্ন, কোনও বয়সের প্রমাণপত্র বা আধার কার্ড ছাড়াই কীভাবে ওই নাবালিকাকে ভর্তি করা হল? এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষেরও দায় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে দাবি করেন তিনি। আইন মেনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিধায়ক।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। নাবালিকা ও সদ্যোজাতের শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। একই সঙ্গে নার্সিংহোমের ভূমিকা, ভর্তি প্রক্রিয়া এবং ঘটনার সময়কার পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *