Breaking News

কালীপুজোর রাতে তিলোত্তমায় পুলিশের কড়া অভিযান, নিষিদ্ধ বাজি ফাটিয়ে ধৃত ২০৫, ট্রাফিক আইন ভাঙায় গ্রেফতার আরও ৫৯৩!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- দুর্গাপুজোর চোরবাগান বিপর্যয়ের পর কালীপুজোর মণ্ডপ নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন। একইসঙ্গে বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জারি করা হয়েছিল একাধিক বিধিনিষেধ। বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী, রাত ৮টা থেকে ১০টার মধ্যেই বাজি ফাটানো যাবে। সম্পূর্ণ নিষিদ্ধ ছিল শব্দবাজি। কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করেই কালীপুজোর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে চলল শব্দবাজির দাপট। পরিস্থিতি সামাল দিতে অবশ্য কড়া পদক্ষেপ করে কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানো এবং অন্যান্য অভিযোগে শহরজুড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বহু মানুষকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলির রাতে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন ২০৫ জন। অন্যদিকে, অভব্য আচরণের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন আরও ৩৮৭ জন। সব মিলিয়ে কালীপুজোর রাতে শহরে মোট গ্রেপ্তারির সংখ্যা ৫৯২। অভিযানে উদ্ধার হয়েছে ২৩৮.৬ কেজি শব্দবাজি এবং ৬ লিটার মদ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে রাস্তায় বাড়তি নজরদারি চালায় ট্রাফিক পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে ৫৯৩ জনকে।প্রশাসনের এত কড়াকড়ি সত্ত্বেও কালীপুজোর রাতে শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাজি ফাটানোর ছবি ও অভিযোগ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘কখন থামবে এই শব্দের দাপট? ঘুমোতে পারছি না।’ অন্যদিকে, নিষিদ্ধ বাজির ব্যবহার বন্ধ করতে কালীপুজোর রাতে কলকাতা পুলিশের গাড়িতে চেপে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সব মিলিয়ে কালীপুজোর রাতে একদিকে নিষিদ্ধ শব্দবাজির দাপট, অন্যদিকে পুলিশের ধরপাকড়—দুইয়ের সাক্ষী থাকল তিলোত্তমা। প্রশাসনের তরফে একাধিক বিধিনিষেধ জারি করা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুমাত্র পুলিশি নজরদারি আর সরকারি নির্দেশিকাতেই কি শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব? পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কবে বাড়বে, সেই প্রশ্নই উঠছে ফের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *