নিজস্ব সংবাদদাতা :-উৎসবের রাতে রাস্তায় বেরিয়ে চাঁদার জুলুমের মুখে পড়ার অভিযোগ। রাত আড়াইটে নাগাদ হাওড়ার ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামের কাছে এক যুবকের গাড়ি আটকে ৫০১ টাকা দাবি করে কয়েকজন। টাকা দিতে অস্বীকার করায় দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। এমনকী, অশালীন ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারেরও শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় সোমবার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঁকড়ার বাসিন্দা শাকিব মণ্ডল।জানা গিয়েছে, রবিবার কালীপুজোর রাতে এক সহকর্মীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের গাড়িতে ফিরছিলেন শাকিব। রাত তখন প্রায় আড়াইটে। সেই সময় ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামের কাছে কয়েকজন যুবক তাঁর গাড়ির পথ আটকায় বলে অভিযোগ। এরপর তাঁর কাছে ৫০১ টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় প্রায় ২০ থেকে ২৫ মিনিট তাঁকে আটকে রাখা হয় বলে দাবি শাকিবের।
শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর সোমবার চ্যাটার্জিহাট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান শাকিব মণ্ডল। তাঁর দাবি, গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কালীপুজোর রাতে এমন চাঁদা দাবির অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal