Breaking News

দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড লিলুয়ার পঞ্চাননতলা বাজারে! বাজির আগুনে পুড়ে ছাই একাধিক দোকান

নিজস্ব সংবাদদাতা :- দীপাবলির উৎসবের আনন্দের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল হাওড়ার লিলুয়ায়। উৎসবের রাতে পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একাধিক দোকান। প্রাথমিক খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান এবং তার আশপাশের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে রয়েছে একটি চাউমিনের দোকান এবং একটি আলমারির দোকান।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীপাবলির রাতে ফাটানো বাজি থেকেই আগুনের সূত্রপাত। দোকানগুলির পিছনে পুজোর প্যান্ডেল তৈরির বিভিন্ন সরঞ্জাম, শুকনো বাঁশ ও কাঠ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভয়াবহ চেহারা নেয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় খবর দেওয়া হয় দমকল বিভাগে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে আগুনের গ্রাসে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলি সময়মতো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে দীপাবলির রাতে আচমকা আগুন লাগার ঘটনায় পঞ্চাননতলা বাজার এবং সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজি থেকেই আগুনের সূত্রপাত কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *