Breaking News

কালীপুজোয় নৈহাটির বড়মাকে ঘিরে কড়া নিরাপত্তা, নজরদারিতে ২ ডিআইজি ও ৪ আইপিএস!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কালীপুজো উপলক্ষে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার দর্শনে প্রতি বছরই ভক্তদের ঢল নামে। লক্ষ লক্ষ মানুষের সমাগমকে কেন্দ্র করে এবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মন্দির চত্বর থেকে শুরু করে সংলগ্ন রাস্তাগুলিতে নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। গোটা পরিস্থিতি সামাল দিতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দুই ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং চারজন আইপিএস অফিসারকে।
রবিবার কালীপুজোর দিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই আগেভাগে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা সাজাচ্ছে পুলিশ। শনিবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং কমিশনারেটের অন্যান্য আধিকারিকদের নিয়ে নৈহাটির অরবিন্দ রোড এবং বড়মার মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। দর্শনার্থীদের যাতায়াতের পথ, ব্যারিকেডের অবস্থান এবং ভিড় সামলানোর কৌশল নিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।পুলিশ কমিশনার জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। মন্দির কমিটির সঙ্গেও বৈঠক করেছে পুলিশ। পুজোর দিন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন। সেই কারণেই দুই ডিআইজি পদমর্যাদার আধিকারিক ও চারজন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রিতভাবে দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, কালীপুজোর আগে বড়মার মন্দিরের একটি পরিবর্তন ঘিরেও শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরে মন্দির চত্বরে খোদাই করা ছিল, “ধর্ম যার যার, বড়মা সবার”। অসংখ্য ভক্তের কাছে এই বার্তা ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীনতার প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই পুরনো স্লোগানের পরিবর্তে মন্দিরে জায়গা পেয়েছে নতুন বার্তা—“বড় মায়ে ভক্তি, সনাতনের শক্তি”।
কালীপুজোর ঠিক আগে বড়মার মন্দিরের পরিচিত এই বাণী বদলে যাওয়ায় ভক্তমহল থেকে শুরু করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। কেন এই পরিবর্তন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। একদিকে বড়মার দর্শনে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে পুলিশের নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি, অন্যদিকে মন্দিরের স্লোগান পরিবর্তন—দুই বিষয়কে ঘিরেই এবার কালীপুজোর আগে আলোচনার কেন্দ্রে নৈহাটির বড়মা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *