Breaking News

আদালতের কড়া অবস্থানে পিছু হটল এসএসসি! দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি ৭৯ শিক্ষককে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আদালতের কড়া অবস্থানের মুখে অবশেষে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালত অবমাননার মামলায় কলকাতা হাই কোর্টের চাপের মুখে চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি জারি করল কমিশন। আদালতের নির্দেশ মেনে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো ৭৯ জন যোগ্য শিক্ষক-শিক্ষিকাকে পুনরায় নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। দীর্ঘদিনের আইনি লড়াই, অনিশ্চয়তা এবং কর্মহীনতার যন্ত্রণা কাটিয়ে কমিশনের এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
জানা গিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—এই তিনটি স্তরেই নাম ছিল ওই ৭৯ জনের। তবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরে আগে চাকরির সুযোগ পাওয়ায় তাঁরা আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অংশ নিতে পারেননি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার জেরে তাঁদের চাকরিও চলে যায়। নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও কমিশনের গাফিলতিতে চাকরি হারানোর অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন সুমনা বেরা, তিতাস দাস-সহ মোট ৭৯ জন শিক্ষক।মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী। তাঁর বক্তব্য ছিল, ওই ৭৯ জন শিক্ষক সম্পূর্ণ ‘আনটেন্টেড’ বা অযোগ্যতার অভিযোগমুক্ত। নবম-দশম স্তরের চাকরি বাতিল হওয়ার পর আপার প্রাইমারির চূড়ান্ত মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের কাউন্সেলিংয়ে বসার সুযোগ দেওয়া হচ্ছিল না। এই পরিস্থিতিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই শিক্ষকদের আপার প্রাইমারিতে কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর করেনি এসএসসি। এরপরই কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন ক্ষুব্ধ শিক্ষকরা। মামলার শুনানিতে আদালতের কঠোর অবস্থানের মুখে পড়ে শেষ পর্যন্ত ছয় সপ্তাহের মধ্যে শূন্যপদ খতিয়ে দেখে নিয়োগের বিষয়ে লিখিত মুচলেকা দিতে বাধ্য হয় কমিশন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার ৭৯ জন শিক্ষক-শিক্ষিকাকে পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কমিশনের এই পদক্ষেপে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *