দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ছটপুজো উপলক্ষে হাওড়ার গঙ্গার ঘাটে বিশেষ আয়োজন। রামকৃষ্ণপুর ও শিবপুর ঘাটে নৌকাবিহার করে পুজোয় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৫ তারিখ কলকাতা ও হাওড়ার দু’টি ঘাটেই যাওয়ার কথা তাঁর। তার আগে মঙ্গলবার ঘাটগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ঘাটে পর্যাপ্ত পরিকাঠামো ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কি না, সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
এদিন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বালির বিধায়ক সঞ্জয় সিং। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ছটপুজোয় মহিলাদের অংশগ্রহণ বেশি হওয়ায় তাঁদের সুবিধার কথা মাথায় রেখে রামকৃষ্ণপুর ও শিবপুর ঘাটে বায়ো টয়লেট এবং মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর ঠিকঠাক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। পুরুষদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কি না, খতিয়ে দেখেন তাঁরা।পাশাপাশি গঙ্গায় জোয়ার-ভাটার পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জলস্তর বাড়লে কোথায় ব্যারিকেড থাকবে এবং সেগুলি যথাযথ জায়গায় বসানো হয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়। ঘাটে পানীয় জল, পর্যাপ্ত আলো এবং প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তও খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার জন্য মোতায়েন থাকবেন আশা কর্মীরা। নিরাপত্তার দায়িত্বে থাকবে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি ঘাটে রাখা হবে স্পিড বোট, লাইফ জ্যাকেট ও লাইফ বোট।
ঘাট পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন। আগামী ১৫ তারিখ মুখ্যমন্ত্রী হাওড়া ও কলকাতায় নৌকাবিহার করে দু’টি ঘাটে পুজোয় অংশ নেবেন। সেই আয়োজনের প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে। আলো-সহ প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর আশা, সমস্ত আয়োজনের মধ্য দিয়ে নির্বিঘ্নেই ছটপুজো সম্পন্ন হবে।
Hindustan TV Bangla Bengali News Portal