প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রায় আড়াই মাস ধরে বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস। ফরেনসিক পরীক্ষার কথা জানিয়ে অফিসটি বন্ধ করেছিল পুলিশ। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই পরীক্ষা হয়নি। কবে খুলবে তৃণমূলের এই কার্যালয়? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে অবকাশকালীন বেঞ্চ। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
গত ৩ সেপ্টেম্বর অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস বন্ধ করে দেয় পুলিশ। জানানো হয়েছিল, সেখানে ফরেনসিক পরীক্ষা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই পরীক্ষা সম্পন্ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কার্যালয়টি। এই পরিস্থিতিতে অফিসটি আর কতদিন বন্ধ রাখা হবে, তা নিয়ে হাই কোর্টে প্রশ্ন তোলে তৃণমূল শিবির। আদালতে সওয়াল করা হয়, অফিসের আলো ও পাখা এখনও চালু রয়েছে। ফলে অকারণে বিদ্যুতের বিলের বোঝা বাড়ছে। এরপরই রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত। পাশাপাশি মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।উল্লেখ্য, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিধিভঙ্গ এবং আইনি জটিলতার জেরেই বন্ধ রয়েছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের কার্যালয়। এর আগে অফিসের বাইরে বিলবোর্ড লাগানো নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।এরপর ওই বহুতলের সাত ও আটতলায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালায় দমকল বিভাগ। বিল্ডিংয়ের মালিক ও ভাড়াটে পক্ষকে নোটিস পাঠানো হয় দমকলের তরফে। নোটিসে জানানো হয়, ১০ আগস্ট ওই অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে। তারপর নতুন করে শংসাপত্রের জন্য আবেদনও করা হয়নি। পরিদর্শনে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছ’ধরনের অনিয়মের সন্ধান মেলে। এরপরই বন্ধ করে দেওয়া হয় অফিসটি। এবার সেই বন্ধ অফিস খোলার বিষয়ে কী পদক্ষেপ করে আদালত, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal