নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-কলকাতায় ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচে এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এক অভিযুক্তকে ধরে ফেলা সম্ভব হলেও বাকি দু’জন পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ওই তরুণীকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের এগিয়ে আসতে দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময় দু’জন এলাকা ছেড়ে চম্পট দিলেও একজনকে ধরে ফেলেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ আলিপুর থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে নির্যাতিত তরুণীও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, তরুণী থানায় পৌঁছনোর পরই সেখানে ভিড় জমতে শুরু করে। প্রায় ৩০ থেকে ৪০ জন মানুষ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশের হস্তক্ষেপে দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতায় একের পর এক নারী হেনস্থার অভিযোগ সামনে এসেছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেছিলেন এক মহিলা চিকিৎসক। তাঁর দাবি ছিল, সিনেমা চলাকালীন ছয় যুবক তাঁকে ও তাঁর সঙ্গীদের উদ্দেশে অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করতেই তাঁদের উপর চড়াও হন অভিযুক্তরা। অন্যদিকে, গত মাসে কলকাতার একটি অভিজাত হোটেলের লবিতে এক মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ ও হেনস্থার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। এবার সেই তালিকায় যুক্ত হল নিউ আলিপুরের ঘটনা। শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal