প্রসেনজিৎ ধর, কলকাতা :-দুপুরে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের বাড়ির সামনে পুলিশি রেইকির অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি পুলিশের গাড়ি নিয়ে তাঁর বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছেন। বেআইনিভাবে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকী, ফের তাঁর উপর হামলার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী ছাউনি সরিয়ে ফেলতে দেখা যায়। এই ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভাইফোঁটার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক। সেখানে দেখা যায়, সাদা হেলমেট পরা এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছেন। তাঁর পিছনেও বসে রয়েছেন আরও এক ব্যক্তি। তাঁদের মাথাতেও রয়েছে সাদা হেলমেট। অভিষেকের বাড়ির নীচে কলকাতা পুলিশ লেখা আরও একটি বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাইক থেকে নেমে এক ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং সাংসদের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে এনে অভিষেকের অভিযোগ, তাঁর বাড়িতে ফের হামলার পরিকল্পনা করা হচ্ছে।অভিষেকের দাবি, গত সপ্তাহেও একইভাবে তাঁর বাড়ির আশপাশে রেইকি করা হয়েছিল। তার ঠিক পরের দিন, অর্থাৎ ৭ নভেম্বর দুষ্কৃতীরা হামলা চালানোর সুযোগ পেয়েছিল। অথচ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনও কোনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ তাঁর। প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বেআইনি নজরদারির অভিযোগও তুলেছেন তৃণমূল সাংসদ।এদিনের পোস্টে অভিষেকের প্রশ্ন, তাঁকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে কি তাঁর কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে? বিজেপি সরকার তাঁর কণ্ঠস্বরকে এত ভয় পাচ্ছে কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বারবার অভিযোগ জানানোর পরেও লোকসভার স্পিকার কোনও পদক্ষেপ করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ। তাঁর বক্তব্য, ক্ষমতার অপব্যবহার করে সত্যের কণ্ঠস্বর কখনও রোধ করা যায় না।
অন্যদিকে, দুপুরে এই অভিযোগ সামনে আসার পর বিকেলেই অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী ছাউনি সরানোর ছবি সামনে আসে। পুলিশি রেইকির অভিযোগ এবং ছাউনি সরানোর ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।
Hindustan TV Bangla Bengali News Portal