দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণ। বুধবার ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মন্ত্রী। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার মৃত্যু হয় তাঁর। হৃদ্যন্ত্রের সমস্যা এবং কিডনির অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উজ্জ্বল বিশ্বাসকে। সূত্রের খবর, বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। এরপর থেকেই একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ এবং সেপটিক শকের মতো গুরুতর সমস্যায় আক্রান্ত হন তিনি। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। একাধিক অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় ডায়ালিসিসের প্রয়োজন পড়ে।মঙ্গলবার চিকিৎসকদের প্রকাশিত মেডিক্যাল রিপোর্টে উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করা হয়েছিল। তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেই রিপোর্ট প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসে মৃত্যুসংবাদ।
২০২২ সাল পর্যন্ত রাজ্যের কারা দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন উজ্জ্বল বিশ্বাস। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের দায়িত্ব দেন। রাজ্য রাজনীতিতে নানা পালাবদলের মধ্যেও তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়েননি তিনি। দলের বহু নেতা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেও উজ্জ্বল বিশ্বাস শেষ দিন পর্যন্ত তৃণমূলেই ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস তাঁকে সক্রিয় রাজনীতিতে বিশেষ দেখা যায়নি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।
Hindustan TV Bangla Bengali News Portal