প্রসেনজিৎ ধর, কলকাতা :- উত্তর ২৪ পরগনার বরাহনগরের লেকপল্লি এলাকায় একটি ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৬ বছরের এক তরুণীর দেহ। মঙ্গলবার রাতে পাঁচতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। মৃতার নাম অঞ্জলি সাউ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশের প্রাথমিক সূত্রে খবর, ফ্ল্যাটের ভিতরে বিছানায় শোয়ানো অবস্থায় ছিল তরুণীর দেহ। শরীরে আঘাতের চিহ্নও মিলেছে বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর নেপথ্যে খুনের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকার ওই ফ্ল্যাটে প্রায় চার বছর ধরে থাকতেন অঞ্জলির দিদি ও জামাইবাবু। তবে ব্যবসায়িক কারণে বর্তমানে তাঁরা হুগলির শ্রীরামপুরে থাকেন। সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান বাড়ির মালিক তথা অঞ্জলির জামাইবাবু। লতিকা মান্নার দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে পাঁচতলার ওই ফ্ল্যাটে যান অঞ্জলি। পরে বিকেলের দিকে তরুণীর দিদি তাঁকে ফোন করেন। কিন্তু বারবার ফোন করেও কোনও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এরপর প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া পাননি। শেষ পর্যন্ত বরাহনগর থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই তরুণীর দেহ দেখতে পান আধিকারিকরা। এরপর দেহ উদ্ধার করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দেহে আঘাতের চিহ্ন কীভাবে এল, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। ওই এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। জনবহুল এলাকায় ফাঁকা ফ্ল্যাটের ভিতর থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
Hindustan TV Bangla Bengali News Portal