Breaking News

‘অনুমতির আবেদন করে উত্তর না পেলেই সম্মতি মেলে না’, বামেদের বুক স্টল ভাঙা নিয়ে ক্ষতিপূরণের মামলা খারিজ কলকাতা হাইকোর্টে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অনুমতি ছাড়া কোনও নির্মাণ হলে তার উপর অধিকার প্রতিষ্ঠা করা যায় না। প্রশাসনের কাছে অনুমতির আবেদন জানিয়েও উত্তর না পেলে সেটিকে সম্মতি বলে ধরে নেওয়ার সুযোগ নেই। দুর্গাপুজোয় বামেদের তৈরি অস্থায়ী ‘বুক স্টল’ ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় এমনই স্পষ্ট পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। এই সংক্রান্ত মামলা খারিজ করে আদালত জানিয়েছে, প্রশাসনের নীরবতা কখনও অনুমতি পাওয়ার সমতুল্য হতে পারে না। বিচারপতি রিশাদ মেডোরার অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, কোনও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করে উত্তর না পেলেই সেই অনুমতি মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া যায় না। প্রশাসনের নীরবতাকে সম্মতি হিসেবে বিবেচনা করে কোনও নির্মাণকাজ শুরু করার অধিকারও তৈরি হয় না। আদালতের মতে, এই ঘটনায় আবেদনকারীর এমন কোনও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়নি, যার ভিত্তিতে হাই কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে অস্থায়ী বইয়ের স্টল তৈরির অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)। কিন্তু সেই আবেদনের কোনও উত্তর না আসায় অনুমতি মিলেছে বলে ধরে নিয়ে স্টল তৈরি করে সংগঠনটি। পরে ওই স্টল ভেঙে দেওয়ার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা।এপিডিআরের আইনজীবী ভাস্কর রায় আদালতে জানান, গত ১৯ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে ২১ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের নির্দেশ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার আর্জি জানানো হয়। পাশাপাশি স্টল ভেঙে দেওয়ার কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করে সংগঠনটি।
অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সংশ্লিষ্ট বইয়ের স্টলটি কোনও অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল। তাই আবেদনটি বিবেচনা করার নির্দেশ দেওয়ার কোনও অর্থ নেই। রাজ্যের এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে মামলাটি খারিজ করে দেয় আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *