প্রসেনজিৎ ধর, কলকাতা :-টালা ব্রিজের নীচে পানীয় জলের পাইপলাইনে ফাটল মেরামতির কাজ শুরু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি কলকাতার জল সরবরাহ ব্যবস্থা। তিন দিন পেরিয়ে গেলেও শহরের একাধিক এলাকায় জলের সমস্যা অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে আপাতত মূল পাইপলাইন বন্ধ রেখেই বিকল্প ব্যবস্থায় জল সরবরাহ চালু রাখার চেষ্টা করছে কলকাতা পুরসভা। পুরনো একটি পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন বিকল্প পাইপলাইন বসানোর কাজও চলছে। অন্যদিকে, বাসিন্দাদের ভোগান্তি কমাতে একদিনে চারটি বোরো এলাকায় মোট ২৫৪টি জলের ট্যাঙ্কার পাঠিয়েছে পুরসভা। বাড়ি, বস্তি এলাকা থেকে শুরু করে হাসপাতালেও ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।
পাইপলাইনের মেরামতির কাজ নির্বিঘ্নে চালানোর জন্য টালার মূল জল সরবরাহ লাইনটি আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পুরনো একটি পাইপলাইনের সঙ্গে সংযোগ তৈরি করে জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন পুরকর্মীরা। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নতুন একটি বিকল্প পাইপলাইন বসানোর কাজ চলছে। মূল পাইপলাইনের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথে শহরে জল সরবরাহের ব্যবস্থা করাই পুরসভার লক্ষ্য।উল্লেখ্য, টালা ব্রিজের নীচে ফেটে যাওয়া পাইপলাইনটি ব্রিটিশ আমলের। প্রায় ৭২ ইঞ্চি বা ১.৮ মিটার ব্যাসের এই বিশাল পাইপের মাধ্যমেই টালা জলাধার থেকে কলকাতার বিভিন্ন এলাকায় জল পৌঁছয়। সোমবার সকালে পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় বিপুল পরিমাণ জল বেরিয়ে আশপাশের এলাকা এবং রেললাইন জলমগ্ন হয়ে পড়ে। এই ঘটনার জেরে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহে প্রভাব পড়ে।
এদিকে, পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, চারটি বোরো এলাকায় মোট ২৫৪টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে। তার মধ্যে ১১৯টি ট্যাঙ্কার বাড়িতে জল পৌঁছে দিয়েছে। বস্তি এলাকায় পাঠানো হয়েছে ১০৯টি এবং বিভিন্ন হাসপাতালে জল সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে ২৬টি ট্যাঙ্কার। এলাকাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ট্যাঙ্কার পাঠানো হয়েছে সেন্ট্রাল কলকাতায়। সেখানে পৌঁছেছে ১৫০টি ট্যাঙ্কার। এছাড়া বোরো ১-এ ৫৩টি, বোরো ৪-এ ২৬টি এবং বোরো ২-এ ২৫টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে।
জল সরবরাহ নিয়ে পুরসভার হেল্পলাইনে এখনও পর্যন্ত ২০৫টি ফোন এসেছে। তার মধ্যে ৯৭টি অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের জল ব্যবহারে সংযত হওয়ার আবেদন জানিয়েছেন পুর কমিশনার। পুরসভার আবেদনে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন বলে খবর। তা সত্ত্বেও কোথাও জলের চাপ কম, আবার কোথাও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।জল সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ জানাতে কলকাতা পুরসভার ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩ এবং ১৪১৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ৯৮৩০৩২৪৩৩০ নম্বরেও অভিযোগ জানানো যাবে। জল সরবরাহ বিভাগের নোডাল অফিসার কল্লোল সরকারের যোগাযোগ নম্বর ৯৮৩১১২৭৫২২২।
সব মিলিয়ে, টালার মূল পাইপলাইন মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থার উপরেই নির্ভর করতে হচ্ছে কলকাতা পুরসভাকে। কবে নাগাদ শহরের সমস্ত এলাকায় সম্পূর্ণ স্বাভাবিক জল সরবরাহ ফিরবে, এখন সেদিকেই তাকিয়ে কলকাতার বাসিন্দারা।
Hindustan TV Bangla Bengali News Portal