Breaking News

কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অভিযান অব্যাহত, অস্থায়ী শেড-লোহার গেটের পর গুঁড়িয়ে দেওয়া হল শহিদবেদি!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ফুটপাত দখল করে থাকা নির্মাণ সরাতে বৃহস্পতিবার সকাল থেকেই অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। সকাল গড়িয়ে বেলা হলেও থামেনি সেই অভিযান। প্রথমে ফুটপাতের উপর থাকা বাঁশের অস্থায়ী ছাউনি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এরপর বেলা ১১টা নাগাদ ভেঙে দেওয়া হয় একটি শহিদবেদিও। পাশাপাশি গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয় অভিষেকের বাড়ির প্রবেশপথের বাইরে থাকা লোহার গেট। গোটা অভিযানে উপস্থিত ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে থাকা শহিদবেদিটি ভাঙার কাজ শুরু হয়। প্রথমে শহিদবেদির দু’টি লোহার দণ্ডে লাগানো তৃণমূলের জোড়াফুল প্রতীক দেওয়া পতাকা খুলে নেওয়া হয়। এরপর বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সিমেন্টের বেদি। ভেঙে ফেলা হয় তার উপর থাকা লোহার দণ্ড এবং চারপাশের লোহার বেষ্টনীও। অভিযোগ, এই শহিদবেদিটিও ফুটপাতের জায়গা দখল করে তৈরি করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার সকালেই অভিষেকের বাড়ির সামনে ফুটপাতের উপর তৈরি বাঁশের অস্থায়ী ছাউনিটি ভাঙার কাজ শুরু হয়। বুলডোজ়ার দিয়ে কাঠামোটি ভেঙে দেওয়ার পর বাঁশগুলি সরিয়ে নিয়ে যান পুরসভার কর্মীরা। একই সঙ্গে বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে বসানো অতিরিক্ত লোহার গেটটিও সরিয়ে দেওয়া হয়। গ্যাস কাটার দিয়ে কেটে গেটটি খুলে ফেলা হয়। পুরসভার অভিযোগ, ওই গেটের কারণেও ফুটপাতের একটি বড় অংশ আটকে ছিল।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” বিজেপিকে নিশানা করে তাঁকে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ বলেও আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার যা-ই করুক না কেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং এক ইঞ্চিও পিছিয়ে আসবেন না।
শহিদবেদি ভাঙার ঘটনায় সরব হয়েছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, শহিদদের শ্রদ্ধা জানানোর জায়গা ভাঙতে বুলডোজার নিয়ে আসতে হচ্ছে। তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি থেকেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। মানুষ গোটা বিষয়টি দেখছেন এবং তাঁরাই এর বিচার করবেন।
উল্লেখ্য, অভিষেকের বাড়ির সামনে ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করা নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছিল। বুধবার সন্ধ্যাতেও সেখানে পৌঁছেছিল পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, শেড খোলার জন্যই পুলিশ গিয়েছিল। যদিও তার আগেই অভিষেকের অফিসের কর্মীরা অস্থায়ী কাঠামোটি খুলে ফেলার কাজ শুরু করেছিলেন।কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ জানিয়েছিলেন, অভিষেক যখন ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতেন, তখন পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য ওই শেড তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, ছাউনিটি পুলিশই তৈরি করেছিল। পরবর্তীতে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ায় ওই শেডের আর প্রয়োজন ছিল না। তাই অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছাউনিটি পুরোপুরি সরানো হয়নি। এরপরই পুরসভার কর্মীরা গিয়ে বুলডোজ়ার দিয়ে কাঠামোটি ভেঙে ফুটপাত পরিষ্কার করেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় অস্থায়ী ছাউনির নীচে বহু মানুষকে জড়ো হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশও ফুটপাতের উপর ওই কাঠামো থাকা নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ছাউনির কারণে পথচারীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। সেই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ফের বুলডোজার অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *