Breaking News

সোনা পাপ্পু মামলায় ইডির বড় পদক্ষেপ! প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ২.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :-সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার-কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেআইনি আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ করেছে ইডি। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে একটি জমি। তদন্তকারীদের নজরে রয়েছে এই সমস্ত সম্পত্তির আর্থিক উৎস। অভিযোগ, পুলিশি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ বেআইনি আর্থিক সুবিধা নিয়েছিলেন শান্তনু। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির উপর এই পদক্ষেপ।
মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। কর্মজীবনে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন এই প্রাক্তন আধিকারিক। একসময় কালীঘাট থানার ওসি হিসেবেও কাজ করেছেন। বর্তমানে জমি দখল সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন তিনি।এদিকে, শান্তনুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নতুন মামলাও দায়ের করেছিল কলকাতা পুলিশ। অভিযোগ, কর্মরত অবস্থায় বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ২ কোটি ৮৯ লক্ষ টাকারও বেশি আর্থিক সুবিধা নিয়েছিলেন তিনি। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্ত আরও জোরদার করেছে কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে যোগসাজশ করে কলকাতার একাধিক মূল্যবান জমি বেআইনিভাবে দখলের অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। অভিযোগ, জমির মালিকদের ভয় দেখানো এবং তাঁদের উপর চাপ সৃষ্টি করতে পুলিশি ক্ষমতা ব্যবহার করা হত। ইডির দাবি, এই চক্রের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে অন্তত ৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার তাঁর ও পরিবারের নামে থাকা ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করার ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *