প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিরাপত্তা কমানো নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই তাঁর সাম্প্রতিক একটি সাক্ষাৎকার ঘিরে শুরু হল নতুন বিতর্ক। বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের মন্তব্যকে হাতিয়ার করে আদালতে সরব হল রাজ্য সরকার। এমনকী, ওই মন্তব্য আদালত অবমাননার শামিল বলেও দাবি করেন রাজ্যের আইনজীবী। পাল্টা সওয়াল-পাল্টা সওয়ালে উত্তপ্ত হয়ে ওঠে শুনানি। পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে অভিষেককে কার্যত ধমক দেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর প্রশ্ন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত, তার তালিকা দিতে পারবেন অভিষেক? শুনানি শেষে মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত।একসময় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁর নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরি করা হয়েছে। এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। তাঁর আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক কারণে একজন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও আদালতে অভিযোগ করেন তিনি। শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন। ওই সাক্ষাৎকারে নিরাপত্তা কমানো নিয়ে কথা বলার পাশাপাশি বিচারব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিষেক। সেই বক্তব্যের প্রতিলিপি আদালতে পেশ করেন রাজ্যের আইনজীবী। তাঁর দাবি, বিচারপতিদের সম্পর্কে এ ধরনের মন্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে। এই কারণে অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আবেদনও জানান তিনি।
রাজ্যের আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু বিচারব্যবস্থাকে সেই বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়। আদালতকে এভাবে বোকা বানানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, অভিষেকের আইনজীবী পাল্টা জানান, নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই। মূল আবেদন থেকে আদালতের দৃষ্টি সরানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিষেকের আইনজীবী আরও দাবি করেন, নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁর মক্কেলকে নিশানা করা হচ্ছে। রাত দুটোয় তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত তাঁর উপর ছ’বার হামলা হয়েছে বলেও আদালতে জানান আইনজীবী। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নিরাপত্তা কমানো হয়েছে এবং রাজ্যে আইনের শাসনের অবনতি ঘটেছে।দুই পক্ষের সওয়াল-জবাবের মধ্যেই বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন, একটি তালিকা দিতে। আমি দেখে নেব।”
এখানেই থেমে থাকেননি বিচারপতি। তাঁর মন্তব্য, আদালত থেকে কোনও স্বস্তি না পেলে অন্য বেঞ্চের দ্বারস্থ হওয়ার সুযোগ ছিল। ছুটির সময়ও একাধিক বেঞ্চ বসেছিল। অভিষেক একজন শিক্ষিত মানুষ এবং সাংসদ। তাঁকে সাধারণ নাগরিকের মতো বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন বিচারপতি। পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, “আপনার মক্কেল তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন (এসিআর) লিখে দিচ্ছেন!”
দীর্ঘ শুনানি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও। ফলে তাঁর নিরাপত্তা সংক্রান্ত আবেদন নিয়ে আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal