Breaking News

আদালতে পৌঁছেও এজলাসে উঠতে পারলেন না পার্থ, গাড়িতে বসেই শুনানি, ৭ হাজার টাকার বন্ডে জামিন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করার পর শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। ৭ হাজার টাকার বন্ডে জামিন পেলেও আদালতের দেওয়া ছ’টি শর্ত মেনে চলতে হবে তাঁকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় নাম জড়িয়েছে পার্থর। সেই সব মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। এর আগে সিবিআইয়ের একটি মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার গ্রুপ ডি সংক্রান্ত সিবিআইয়ের অন্য একটি মামলায় আত্মসমর্পণ করে ফের জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী।
বৃহস্পতিবার আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গাড়িতে ছিল মেডিক্যাল সাপোর্টের ব্যবস্থাও। আলিপুর আদালতের দোতলায় সিবিআইয়ের বিশেষ এজলাসে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ওঠার জন্য কোনও লিফটের ব্যবস্থা নেই। শারীরিক অসুস্থতার কারণে গাড়ি থেকে নেমে দোতলার এজলাস পর্যন্ত পৌঁছনো সম্ভব হয়নি পার্থর পক্ষে। এরপর তাঁর আইনজীবী আদালতের কাছে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চান। বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেন। ফলে গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
শুনানি শেষে ৭ হাজার টাকার বন্ডের বিনিময়ে পার্থর জামিন মঞ্জুর হয়। তবে জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে আদালত। সূত্রের খবর, তাঁকে মোট ছ’টি শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট বা দুর্নীতি দমন আইন যুক্ত হওয়ার পর গ্রুপ ডি সংক্রান্ত এই মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা আদালতে জমা দিয়েছিল সিবিআই। এরপর ওই মামলায় অভিযুক্ত ২৬ জনকে আগেই জামিন দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *