দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকারি দপ্তরে ফাইল ফেলে রাখার দিন শেষ! নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের জবাবদিহি করতে হবে। এমনকী কাজ শেষ করতে অযথা দেরি হলে শোকজের মুখেও পড়তে হতে পারে তাঁদের। সরকারি কাজে গতি আনতে এবার আরও কড়া পদক্ষেপ করল নবান্ন। বৃহস্পতিবার এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩-কে সামনে রেখেই এই নির্দেশিকা কার্যকর করার কথা জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল সমস্ত দপ্তরকে দ্রুত নতুন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছেন।
সরকারি কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও অকারণে ফাইল আটকে রাখার প্রবণতা বন্ধ করতে আগেও একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তবে এবার সেই নিয়ম আরও কঠোর করার পথে হাঁটল নবান্ন। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও কাজের দায়িত্ব পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ জানতে চাওয়া হবে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিকের কাছে। প্রয়োজনে তাঁদের শোকজ করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে।বিজ্ঞপ্তি অনুযায়ী, শোকজের নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে। সেই জবাব খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। অর্থাৎ সরকারি কাজে অযথা দেরি হলে এবার আর দায় এড়ানোর সুযোগ থাকছে না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ হচ্ছে কি না, তার উপরেও নজরদারি বাড়ানো হচ্ছে।
নতুন নির্দেশিকায় প্রতি মাসের ১০ তারিখকে গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিভিন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কোনও প্রকল্প বা সরকারি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে সার্ভিস রুল মেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মুখ্যসচিবের নির্দেশ, যত দ্রুত সম্ভব রাজ্যের সমস্ত দপ্তরে এই নিয়ম কার্যকর করতে হবে।
সরকারি দপ্তরের কাজে গতি আনা এবং সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব কমানোই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে প্রশাসনের সর্বস্তরে কড়া বার্তা দিতে চাইছে নবান্ন। নতুন নির্দেশিকা কার্যকর হলে সরকারি কর্মী ও আধিকারিকদের উপর কাজের দায়িত্ব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal