Breaking News

প্রিয়দার স্মরণসভায় বিরল রাজনৈতিক সম্প্রীতির ছবি, একমঞ্চে তৃণমূল-কংগ্রেস-সিপিএম! বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক কুণালের, পালটা আপত্তি কংগ্রেসের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভা ও মূর্তি উন্মোচন ঘিরে শুক্রবার বিবাদী বাগে তৈরি হল বিরল রাজনৈতিক সম্প্রীতির ছবি। এক মঞ্চে হাজির হলেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলমতের ঊর্ধ্বে উঠে সকলেই স্মরণ করলেন প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। তবে সেই সম্প্রীতির মঞ্চেও বাদ গেল না রাজনীতির প্রসঙ্গ। বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস ও সিপিএমকে সঙ্গে নিয়ে বিরোধী জোট গড়ার প্রস্তাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও তাঁর এই বক্তব্যের পরই আপত্তি জানান কংগ্রেস নেতারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভাকে কোনওভাবেই রাজনৈতিক মঞ্চে পরিণত করা উচিত নয়।বিবাদী বাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি স্থাপনের পরিকল্পনা দীর্ঘদিনের। সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় শুক্রবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। কারণ, প্রিয়রঞ্জন শুধু কংগ্রেসের নেতা ছিলেন না, বিরোধী রাজনৈতিক শিবিরেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল। রাজনৈতিক মতাদর্শের বিভেদ পেরিয়ে সকলের কাছেই তিনি ছিলেন প্রিয় ‘প্রিয়দা’। এদিনের অনুষ্ঠানে সেই কথাই উঠে আসে একাধিক বক্তার বক্তব্যে।বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবনে প্রিয়রঞ্জনের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমার জীবনে অবদান তিনজনের—প্রিয়দা, সিদ্ধার্থশংকর রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের।” অন্যদিকে, মদন মিত্র বলেন, “আমি প্রিয়দার মদন মিত্র হয়ে এখানে এসেছি।” প্রিয়রঞ্জনের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের কথাও উঠে আসে বক্তাদের বক্তব্যে। উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তবে অনুষ্ঠানে রাজনৈতিক উত্তাপ ছড়ায় কুণাল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “সবাই বলছে, একা লড়াইয়ে প্রস্তুত। আমরা বলব, একা লড়াইয়ে প্রস্তুত। শুভঙ্কর বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। সিপিএম নেতৃত্বও বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। আর মাঝখান থেকে খেলার মাঠটা ভোট লুঠ করে নিয়ে চলে যাবে বিজেপি।” এরপরই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলকে একজোট হওয়ার বার্তা দেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই অনুষ্ঠানের মঞ্চে তৈরি হয় অস্বস্তি।কুণালের বক্তব্যের বিরোধিতা করে কংগ্রেস নেতারা স্পষ্ট জানিয়ে দেন, প্রিয়রঞ্জনের স্মরণসভায় জোটের রাজনীতি নিয়ে আলোচনা তাঁরা চান না। কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, “এটা কুণালের ব্যক্তিগত বক্তব্য। কিন্তু প্রিয়রঞ্জনের মঞ্চে আমরা রাজনীতির কথা বলব না। এটা বহুত্ববাদী মঞ্চ। দলীয় রাজনীতির বাইরে এই মঞ্চকে বাঁচিয়ে রাখব।” পাশাপাশি তিনি জানান, রাজনৈতিক জোট নিয়ে আলোচনা করার জন্য দলের নিজস্ব মঞ্চ রয়েছে। প্রিয়রঞ্জনকে স্মরণ করার অনুষ্ঠানকে সেই বিতর্কের জায়গা করে তুলতে চান না তাঁরা। তবে কুণাল ঘোষের বক্তব্য রাখার গণতান্ত্রিক অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানের শেষে আরও একটি মুহূর্ত নজর কাড়ে উপস্থিত সকলের। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পা ছুঁয়ে প্রণাম করেন কুণাল ঘোষ। সাধারণত কারও প্রণাম গ্রহণ করেন না বিমান বসু। কিন্তু কুণালের ক্ষেত্রে সেই প্রণাম গ্রহণ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে মজার ছলেই বিমান বসু বলেন, “কী করব, দুম করে প্রণাম করে ফেলল। আমি তো প্রণাম নিই না। এখন হঠাৎ করে ফেললে আর কী করা যাবে!”সব মিলিয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভা হয়ে উঠল রাজনৈতিক সৌজন্য, সম্প্রীতি এবং মতপার্থক্যের এক ব্যতিক্রমী মঞ্চ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *