দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বাবা ও ছেলের নিথর দেহ। ঘরের ভিতরে ছড়িয়ে তীব্র গ্যাসের গন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমদমের শেঠবাগান এলাকায়। কীভাবে মৃত্যু হল দু’জনের? গ্যাস লিকের জেরে কি প্রাণ গেল বাবা-ছেলের, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? খুন না আত্মহত্যা, নাকি নিছক দুর্ঘটনা? একাধিক প্রশ্ন ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেঠবাগানের একটি বহুতলের তিনতলার ফ্ল্যাটে থাকতেন তপনকুমার চট্টোপাধ্যায় ও তাঁর পালিত ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য। বয়স ২২ বছর। তপনবাবু একটি বেসরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। শুক্রবার সকাল থেকেই তাঁদের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই নাগেরবাজার থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজায় ধাক্কা দিয়েও ভিতর থেকে কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন পুলিশকর্মীরা। ভিতরে ঢুকতেই নাকে আসে গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ। ফ্ল্যাটের দুটি ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাবা ও ছেলেকে। পরীক্ষা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করে পুলিশ।এরপরই ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে প্রশ্ন উঠছে, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে কি কোনওভাবে গ্যাস লিক হয়েছিল? সেই গ্যাস ছড়িয়েই কি মৃত্যু হয়েছে দু’জনের? যদি গ্যাস লিক হয়ে থাকে, তাহলে কেন তাঁরা ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারলেন না? আবার এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুন বা আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে খবর, তপনকুমার চট্টোপাধ্যায় এলাকার বাসিন্দাদের সঙ্গে মেলামেশা করতেন। আচমকা বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় হতবাক প্রতিবেশীরা। ইতিমধ্যেই দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফল সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। আপাতত শেঠবাগানের এই বন্ধ ফ্ল্যাটের ভিতরে বাবা-ছেলের রহস্যমৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন |
Hindustan TV Bangla Bengali News Portal