Breaking News

ছটপুজোর আগে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের, নিরাপত্তার কারণে বন্ধ বাগবাজারের মায়ের ঘাট! পুণ্যার্থীদের জন্য বিকল্প ঘাটের নাম ঘোষণা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করল কলকাতা পুলিশ। নিরাপত্তার কারণে এবার বন্ধ রাখা হচ্ছে বাগবাজারের মায়ের ঘাট। শুক্রবার কলকাতা পুলিশের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে পুণ্যার্থীদের জন্য বিকল্প ঘাটের ব্যবস্থাও রাখা হয়েছে। মায়ের ঘাটের পরিবর্তে কাশী মিত্র ঘাটে ছটপুজোর আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন তাঁরা। পাশাপাশি কাছাকাছি কুমারটুলি, চাঁপাতলা ও বাগবাজার ঘাটও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
আগামী ১৫ নভেম্বর, রবিবার ছটপুজো। সেই উপলক্ষে ইতিমধ্যেই শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে প্রস্তুতি শুরু হয়েছে। পুণ্যার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা বজায় রাখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা পুলিশের তরফে পুণ্যার্থীদের আগাম পরিকল্পনা করে বিকল্প ঘাট বেছে নেওয়ার অনুরোধ করা হয়েছে।রাজ্যে পালাবদলের পর এই প্রথম ছটপুজো। তার উপর চোরবাগান কাণ্ডের পর ঘাটগুলির নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মহিলাদের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নদীতে নৌকাও মোতায়েন রাখা হবে।
সব মিলিয়ে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে একদিকে যেমন পরিকাঠামোগত প্রস্তুতি চলছে, অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *